বিশেষ প্রতিবেদক। এটিভি সংবাদ //
অসদাচরণের অভিযোগে সাবেক গোয়েন্দা শাখা (ডিবি) কর্মকর্তা মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত সাকলায়েনকে রাষ্ট্রপতির আদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে দেওয়া প্রজ্ঞাপনটিতে সই করেছেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদনে সাকলায়েনের দিন ও রাতের বিভিন্ন সময়ে একাধিকবার পরীমনির বাসায় অবস্থানের প্রমাণ পাওয়ার পর মন্ত্রণালয় তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া শুরু করে। সে পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মো. গোলাম সাকলায়েন (পিপিএম), তৎকালীন এডিসি (ডিবি গুলশান বিভাগ, ডিএমপি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার; বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও সরকারি দায়িত্বের বাইরে পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন।
তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। এ ছাড়া পরীমনির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচারমাধ্যমে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সাকলায়েনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। এরপর দীর্ঘ প্রক্রিয়া, ব্যক্তিগত শুনানি এবং তদন্তকারী কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়।
পরে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি তাকে দ্বিতীয়বার কারণ দর্শানো নোটিশ দেওয়া হলে তিনি ১০ মার্চ তার জবাব দেন। সব তথ্য ও অপরাধের গুরুত্ব বিবেচনা করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে চাকরি হতে “বাধ্যতামূলক অবসর প্রদান” সূচক গুরুদণ্ড প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।