জনি বিশ্বাস। ফরিদপুর প্রতিনিধি//
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবনিযুক্ত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করা, রোগীদের হয়রানি বন্ধ এবং সব ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, সরকারি হাসপাতাল মানুষের আস্থার জায়গা। তাই রোগীরা যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। অনিয়ম, দুর্নীতি কিংবা দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় হাসপাতালের পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা হাসপাতালের সার্বিক উন্নয়নে নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।