সত্যম চক্রবর্তী। দুর্গাপুর, নেত্রকোনা প্রতিনিধি//
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মৃত বাছেত খানের ছেলে মো. ঈশা খান (৩৩) এবং হবিগঞ্জ জেলার দেওয়ান হিরন মিয়ার ছেলে মো. হাফিজুর রহমান (৩০) ওরফে হৃদয়। অপরজনের বিস্তারিত পরিচয় পুলিশ সূত্রে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের আব্দুল ওয়াদুদ মিয়ার বাড়িতে তার নিজের ভাতিজা সায়েদুর রহমান রামিমের সহযোগিতায় ৭ সদস্যের একটি চক্র ডাকাতির পরিকল্পনা করে। ঘটনার দিন গভীর রাতে সংঘবদ্ধ ওই চক্রটি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওয়াদুদ মিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির লোকজনের হাত, পা ও মুখ বেঁধে নগদ অর্থ, স্বর্ণালংকার, দামি কাপড়চোপড়, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে কলমাকান্দা উপজেলার সিদলী এলাকার তালতলা থেকে চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তবে মূল পরিকল্পনাকারী ভাতিজা সায়েদুর রহমান রামিমসহ অন্যরা তখন পালিয়ে যেতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে রাজধানী ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ডিবি পুলিশ সেজে ওই বাড়িতে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটানো হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত অভিযান চালিয়ে মূল হোতাদের আইনের আওতায় আনা শুরু করে। সর্বশেষ শুক্রবার রাতে ঢাকা ও ময়মনসিংহ থেকে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।