নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
দীর্ঘ এক যুগ পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ আগস্ট রংপুরে আসছেন। সেদিন রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য দিবেন সরকারপ্রধান। এর মাধ্যমেই আগামীতে মিলবে নির্বাচন ও দলীয় গুরুত্বপূর্ণ পদের টিকিট। তাই নাওয়া-খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন বিভাগের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চারিদিকে উৎসবের আমেজ বিরাজ করছে।
নগরীর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই জনসভা। প্রধানমন্ত্রীর এই বিভাগীয় জনসমাবেশকে ঘিরে আসায় বুক বেঁধেছে উত্তরবঙ্গের মানুষ।
আর কয়েক মাস পরেই জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ২ আগস্ট রংপুরে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে উৎসবের আমেজ রংপুরজুড়ে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, পাড়া-মহল্লা ও পৌরসভায় মিছিল মিটিংয়ে চলছে আনন্দ উৎসব। জনসভা সফল করতে বাড়ছে দলের কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। শীর্ষ পর্যায়ের অনেক নেতার অবস্থান এখন রংপুরে। এতে অনেকটাই উজ্জীবিত তারা।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, প্রধানমন্ত্রী রংপুরে অনেক কিছু দিয়েছেন। আরও দিতে প্রস্তুত তিনি। আগামী নির্বাচনে রংপুরবাসী নৌকা মার্কায় ভোট দিলে নগরী তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বলেন, এক যুগ পর প্রধানমন্ত্রীর এই সফরে আরও উন্নয়ন মূলক কাজের ঘোষণাসহ রংপুরের উন্নয়ন কাঁধে তুলে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, মঙ্গা পীড়িত এই অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে। এক যুগ পর প্রধানমন্ত্রীর আগমনে উত্তরবঙ্গের জনপদ আজ উৎফুল্ল ও আনন্দিত। আগামী ২ আগস্ট জনসভাস্থল ১০ লাখ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হবে।
এটিভি/এস