বরগুনা প্রতিবেদক, এটিভি সংবাদ
সাগরে বসবাস ইলিশের। বসবাসের পানিতে থাকতে হয় লবণের মাত্রা। ডিম ছাড়তে নির্দিষ্ট একটা সময়ে মা ইলিশ লোনা পানি থেকে নদীতে চলে এসে ডিম ছাড়ে। নদীতেই ইলিশের বিচরণ। তবে এ অবাক করার মত ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর এলাকা। একটি বড় পুকুরে ধরা পড়েছে ৯৫টি জ্যান্ত ইলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) রায়হানপুরের সিদাম মিয়ার পুকুরে মাছ ধরতে গেলে ইলিশগুলো ধরা পড়ে। বিষয়টি নিয়ে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিদাম মিয়ার ছেলে সুজন জানান, মঙ্গলবার মাছ ধরতে গেলে জালে ১১টি ইলিশ ধরা পরে। এসময় তারা অবাক হয়ে আবারও পুকুরে জাল ফেলে। এভাবে কয়েকবার জাল ফেলার পরে মোট ৯৫টি রুপালি ইলিশ পায় তারা। প্রত্যেকটি ইলিশ ৪০০-৬০০ গ্রাম ওজনের।
পুকুরের মালিক সিদাম মিয়া বলেন, ৭৫ শতাংশ ভূমি জুড়ে পুকুরে প্রতি বছরই মাছ ধরা হয়। এবছরও মাছ ধরতে গেলে জালে ইলিশ মাছ উঠে আসে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার পর এলাকার মানুষ ভিড় জমায় তাদের বাড়িতে। মাছগুলো আমরা স্বজন ও প্রতিবেশীদের মাঝে ভাগ করে দিয়েছি।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, আমি ঘটনাটি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। মাছগুলো সবাই খেয়ে ফেলেছে। পুকুরে ইলিশ মাছ বেড়ে ওঠার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আমার ধারণা নদী থেকে হয়তো ঝাটকা ইলিশগুলো সাগরে ফেরার পথে কোথাও বাধাগ্রস্ত হয়ে জোয়ারের পানিতে ভেসে পুকুরে ঢুকেছে। ৯৫টির মধ্যে একটি মাছ পাওয়া গেলেও এটি নিয়ে গবেষণা করা যেতো।