নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কেউ প্রমাণসহ অগ্নিসংযোগকারীকে ধরতে সহায়তা করলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সোমবার (৬ নভেম্বর) সকালে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পেট্রোল পাম্প মালিকদের সাথে বৈঠকে এ ঘোষণা দেন।
তিনি আরও বলেন, কেউ যদি প্রমাণসহ অগ্নিসংযোগকারীকে ধরতে পারে তাহলে আমরা ২০ হাজার টাকা পুরস্কার দেবো।
ডিএমপি কমিশনার আরও বলেন, যেসব থানা এলাকায় পেট্রোলপাম্প রয়েছে ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন। পেট্রোল পাম্পগুলোর সাথে পুলিশের সম্পর্ক বাড়াতে হবে, যোগাযোগ সবসময় রাখতে হবে।
এ সময় নিকটস্থ ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রোল পাম্পে রাখার অনুরোধ করেন কমিশনার।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনের অবরোধে অন্তত ৩১টি গাড়ি পোড়ানো হয়।