বান্দরবানে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হেলাল ও রুবেল তাদের দলবল নিয়ে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করে আহত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হামলায় মো: জামাল উদ্দিনসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই হেলাল ও রুবেল দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।