অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিওয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে একজন প্রতিনিধি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম ক্রয় করেন।
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের আওয়ামী লীগে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। যদিও ওইবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে সাকিবকেও দেখা যেতে পারে।
গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধার্য করা হয়েছে ৫০ হাজার টাকা।
মনোনয়নের প্রথম দিনেই ১ হাজার ৭৪ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আগামী ২১ নভেম্বর বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা।