প্রতি রাতে আপনার নাক ডাকার শব্দে পাশে শোওয়া মানুষের ঘুম ভেঙে যায়? অনেকেই ঘুমের মধ্যে জোরে নাক ডাকেন, কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না। সাধারণভাবে ঘুমন্ত অবস্থায় নাক, মুখ, গলা বা শ্বাসনালীর কোনো অংশে বায়ু চলাচলে বাধা তৈরি হলেই এই শব্দ হয়। তবে অনেকেরই জানা নেই, নিয়মিত নাক ডাকার পেছনে ভিটামিন ডি-এর ঘাটতিও একটি কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে প্রচুর মানুষের শরীরেই ভিটামিন ডি-এর মাত্রা স্বাভাবিকের তুলনায় কম।
চিকিৎসকদের মতে, ভিটামিন ডি-এর অভাব হলে সারা দিন অকারণ ক্লান্তি লাগা, ঘুম ঠিকমতো না হওয়া, পেশিতে ব্যথা বা দুর্বলতা, বারবার সর্দি-কাশি হওয়া, এমনকি মন খারাপ বা মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা জানান, প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট রোদে থাকা শরীরের জন্য উপকারী। খাদ্যতালিকায় ডিমের কুসুম, সামুদ্রিক মাছ ও মাশরুম রাখলেও উপকার মেলে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে।
যদি নিয়মিত নাক ডাকার সমস্যা থাকে, রাতে বারবার ঘুম ভেঙে যায় বা সকালে উঠে অস্বাভাবিক ক্লান্ত লাগে, তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে ভিটামিন ডি-এর মাত্রা পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ হতে পারে।
এটিভি/এসএম/স্বাস্থ্যসেবা