সেনবাগ প্রতিনিধি
ইসরাফিল সাইমুম
নোয়াখালী জেলার সুপরিচিত সামাজিক সংগঠন ‘ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন’-এর উদ্যোগে অসহায়, গরিব ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন শ্রমজীবী মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম তানজিল-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সেবারহাট মেডিকেল সেন্টারের এমডি আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ফজলে রাব্বি সাব্বিরসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন দীর্ঘ ১৫ বছর ধরে আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ১১তম বারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। সংগঠনের সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন এতিমখানায় ইফতারের আয়োজন ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।