খুলনা থেকে বাসিত চৌধুরী, এটিভি সংবাদ //
সুন্দরবনে দস্যুবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র সক্রিয় সদস্য ইয়াছিন সেখকে (৪০) আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার (২২ মার্চ) বিকেল ও গভীর রাতে বাগেরহাটের মোংলা থানাধীন পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ইয়াছিন সেখ মোংলা থানার বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে ওই দস্যু বাহিনীর হয়ে ডাকাতি ও অস্ত্র সরবরাহের কাজ আসছিলেন বলে জানা গেছে।
কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৩টায় বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকা থেকে প্রথমে ইয়াছিনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাত ১টার দিকে ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায় কোস্ট গার্ড। সেখান থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।