ফেরদৌস জামান মুন্না। কুড়িগ্রাম প্রতিনিধি //
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ গ্রামের বাসিন্দা মোঃ হামিদ মিয়া চাঁদা দাবি, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মালেক মিয়া, মোঃ মতিন মিয়া, মোঃ আনোয়ার, মোঃ আকাশ, মোঃ আব্দুর রবসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে রাজারহাটের আনন্দবাজার এলাকায় হামিদ মিয়া ও তার সন্তানদের ওপর হামলা চালান। এ সময় তাদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী হামিদ মিয়ার দাবি, মোছাঃ হাজরা বেগমের তালাক ও মোহরানার টাকা পরিশোধকে কেন্দ্র করে অভিযুক্তরা তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাহিদামতো টাকা না দেওয়ায় তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত মালেক মিয়া হাজরা বেগমের ৩০ থেকে ৪০ দিন বয়সী কন্যা সন্তানকে তার কোল থেকে জোরপূর্বক নিয়ে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেন।
অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্ত মালেক মিয়া সমাজে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মালেক মিয়া বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।”
এ ঘটনায় হামিদ মিয়া রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।