সৈকত মনি। অনুসন্ধানী প্রতিবেদক //
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা হিসেবে পরিচিত ‘লাভ রোড’ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই এই এলাকায় বসে তরুণ প্রজন্মের দীর্ঘ আড্ডার আসর, তবে অভিযোগ রয়েছে যে, এই আড্ডার আড়ালেই চলছে মাদক বেচাকেনা ও সেবনের রমরমা বাণিজ্য।
স্থানীয়দের অভিযোগ, আড্ডার আড়ালে এখানে প্রকাশ্যে সেবন করা হচ্ছে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক। সন্ধ্যার পর থেকেই রাস্তাটির একাংশে প্রচুর মানুষের ভিড় এবং আড্ডার পরিবেশ। অভিযোগ রয়েছে, এই আড্ডার মাঝেই সক্রিয় একটি চক্র কৌশলে মাদক লেনদেন চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, “বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এখানে বিভিন্ন বয়সের তরুণ-তরুনীদের আনাগোনা থাকে। আড্ডার নামে এখানে যা চলছে, তা এলাকার পরিবেশ নষ্ট করছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”
সন্ধ্যার এই ভিড়ের সুযোগ নিয়ে মাদক কারবারিরা বেশ নিরাপদে তাদের কার্যক্রম পরিচালনা করছে বলেও অভিযোগ রয়েছে।
মিরপুর মডেল থানার আওতাধীন এই এলাকায় সাধারণ মানুষের চলাচল নিরাপদ রাখা এবং মাদকের এই বিস্তার রোধে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এখানে নিয়মিত টহল জোরদার করে এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ায়, তবেই এই মাদকের আখড়া কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে এবং এলাকার শান্তি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও অভিভাবক মহলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
চোখ রাখুন এটিভি সংবাদে। আগামীতে আসছে আরো বিস্তারিত নিয়ে…