মোঃ সোহানুর রহমান। নওগাঁ (মান্দা) প্রতিনিধি//
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৬ জুন ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে এক ব্যক্তি বিপুল পরিমাণ চোলাই মদ নিয়ে ননিয়া পট্টির ভাঙারিপট্টি এলাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির অভিযানিক দল দ্রুত ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।
দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কাজল ভাঙারির দোকানের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানো হয়। এ সময় রিকশায় থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে উপস্থিত লোকজনের সামনে বস্তাটি তল্লাশি করে স্পিড ও মজো ব্র্যান্ডের ২৫০ মিলিলিটারের ৭১টি ছোট বোতলে মোট ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় অটোরিকশার চালক লছির উদ্দিন (৫৭), পিতা- অহির উদ্দিন, গ্রামের নাম একডালা পূর্বপাড়া, সদর থানা, নওগাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া চোলাই মদ জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।