মোঃ আবু রায়হান ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি//
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পবিত্র মহরম উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। শত বছরের ঐতিহ্য অনুযায়ী এলাকার বিভিন্ন স্থানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া, শোকসভা এবং তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, মহরম মাসের শিক্ষা হলো সত্য, ন্যায় ও মানবতার পক্ষে অবিচল থাকা। কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের স্মরণে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নিচ্ছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় ধর্মীয় বক্তারা কারবালার ঘটনার তাৎপর্য তুলে ধরে বলেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম এবং ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক। এ উপলক্ষে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান, মহরমের বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অষ্টগ্রামের সচেতন মহল মনে করেন, মহরম শুধু শোকের নয়, বরং ত্যাগ, ধৈর্য, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। ঐতিহ্যবাহী এ আয়োজন উপজেলার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে।