অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বেকারি পণ্য বাজারজাতকরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় সদর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স নিউ ভাই ভাই বেকারির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক সজল আহম্মেদ জানালেন, আগে একাধিকবার সতর্ক করার পরও মেসার্স নিউ ভাই ভাই বেকারি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। এছাড়া লাইসেন্স ছাড়াই ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বেকারি পণ্য বাজারজাত, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, টয়লেটে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না রাখা, খাদ্যপণ্যে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ উপাদান ব্যবহার এবং উৎপাদিত পণ্যের মোড়কীকরণ বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
তিনি জানান, এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাত দিনের জন্য প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান সজল আহম্মেদ।
দেশ ও জাতির স্বার্থে সারাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ সচেতনমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদ ডটকমের সম্পাদক এস এম জামান। তিনি বলেন, মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহম্মেদ যোগদানের পর থেকেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত করে যাচ্ছেন যা প্রশংসার দাবিদার।