বরগুনার পাথরঘাটা উপজেলায় ১০৭ পিস ইয়াবাসহ সাকিব নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ০৪ নং পাথরঘাটা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পশ্চিম বাদুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাথরঘাটা থানার এসআই (নিরস্ত্র) আবু জাফরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পশ্চিম বাদুরতলা সাকিনের মোঃ বাদল ডাক্তারের বসত ঘরের সামনে এক ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই ও অভিযানের উদ্দেশ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ী সাকিব দৌড়ে বাদল ডাক্তারের ঘরের ভেতর প্রবেশের চেষ্টা করে।
পরবর্তীতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদকালে গ্রেফতারকৃত সাকিব তার পরিহিত লুঙ্গির পেছনের কোচর থেকে নিজ হাতে ১০৭ পিস ইয়াবা বের করে দেয়। পুলিশ উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক ইয়াবাগুলো জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নম্বর: ০৪, তারিখ: ০২/০৯/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।