পাবনার সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে সাঁথিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। র্যালি শেষে পরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন খান পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা। মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি অভিশপ্ত একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।
এসময় পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সরদার, সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, ধূলাউড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আলীম, ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা জাকির, জিবন, নাইম সহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন