জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচটি শিক্ষাবর্ষের সিজিপিএর ভিত্তিতে ৪০০ মেধাবী শিক্ষার্থীকে ‘মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ২০১৯-২০ (১৫তম ব্যাচ) থেকে ২০২৩-২৪ (১৯তম ব্যাচ) শিক্ষাবর্ষের প্রতিটি বিভাগের সিজিপিএ অনুযায়ী প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থী এবং প্রত্যেক ব্যাচের সিআরদের এই সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পাশে একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তিন দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম দিনে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুভূতি প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বপন বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের যে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এতে শিক্ষার্থীদের পরিশ্রম ও সাফল্যের প্রতি সম্মান জানানো হয়েছে।
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।