আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আক্রমণের শিকার হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ও পাকিস্তানের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পি। অনলাইনে গালাগাল ও আক্রমণের শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গিলেস্পি আইসিসির সিদ্ধান্ত নিয়ে কৌতূহল প্রকাশ করে জানতে চান, কেন বাংলাদেশকে ভারতের বাইরে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি। তিনি উদাহরণ টেনে বলেন, অতীতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সুযোগ দেওয়া হয়েছিল।
এই প্রশ্নের পরপরই গিলেস্পি সামাজিক মাধ্যমে তীব্র আক্রমণ ও কটূক্তির শিকার হন। পরে এক ব্যবহারকারী পোস্টটি কেন মুছে ফেলেছেন জানতে চাইলে গিলেস্পি বলেন, ‘একটা সাধারণ প্রশ্ন করার জন্য আমাকে গালাগাল করা হয়েছে, তাই পোস্টটি মুছে ফেলেছি।’
এদিকে আইসিসি শনিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এটিভি/এসএম/খেলাধুলা