নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সড়কের পাশ থেকে আক্তারুজ্জামান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর-বটতলী সড়কের আইসাতলা এলাকায় স্থানীয়রা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে নিয়ামতপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আক্তারুজ্জামান বাড়ি থেকে বের হন। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে তাঁর মরদেহ দেখতে পান। কীভাবে তিনি সেখানে পৌঁছালেন এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।