মো. আকরাম হোসেন, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল /
টাঙ্গাইলের ঘাটাইলে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘাটাইল উপজেলা শাখা।
১ আগস্ট (শনিবার) উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ গণমিছিলটি ঘাটাইল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ প্রদক্ষিণ করে।
মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
গণমিছিল থেকে নেতা-কর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্বীকৃতি, অনতিবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সোচ্চার স্লোগান দেন।
কর্মসূচিসংলগ্ন সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচারী ও গণহত্যাকারীদের ছাড় দেওয়ার সুযোগ নেই। অনতিবিলম্বে জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত এবং উত্থাপিত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তাঁরা।