মো. আশরাফুল ইসলাম মানিক, স্টাফ রিপোর্টার, মাগুরা
মাগুরা-যশোর মহাসড়কের শালিখায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মো. শাহিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শতখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিন পিকআপ ভ্যানচালক ছিলেন। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দারুলিয়া গ্রামের মো. জামশেদের ছেলে। আহত ব্যক্তির নাম অহিদুল ইসলাম (৪০)। তিনি পিকআপচালকের সহকারী ছিলেন। অহিদুলের বাড়ি জয়পুরহাটে।
স্থানীয়দের ভাষ্য, শাহিন ও অহিদুল পিকআপে করে ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। শতখালী এলাকায় পৌঁছালে উল্টা দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহকারী আহত হন। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। অহিদুল একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শালিখা থানার ওসি মো. আশিকুর রহমানের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।