ভূরুংগামারী উপজেলার চরভূরুংগামারী ইউনিয়নের ইসলামপুরে জুয়া ও মাদক কারবারে জড়িত এক কৃষকের বসতবাড়ি হতে একটি ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুংগামারী থানার ওসি মোঃ আজিম উদ্দিন, ও এএসআই জাহেদুল ইসলাম দুর্গম ইসলামপুর চরে অভিযান পরিচালনা করে কৃষক ও মাদক কারবারি মোঃ বাদশা মিয়া (৫০), পিতাঃ মৃত তালেবুদ্দি, সাংঃ ইসলামপুর, থানাঃ ভুরুঙ্গামারী, জেলাঃ কুড়িগ্রাম এর বসতবাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার পরিপক্ব একটি গাছ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারি বাদশা গাছটিকে কেটে নদীতে ফেলার চেষ্টা করেন। কিন্তু পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু মাদককারবারি বাদশা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় মাদককারবারি বাদশার বাড়িতে অবস্থানরত সন্দেহভাজন হিসাবে তার ছেলে ফারুককে (২০) জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও ভূরুংগামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান চলবে। মাদককারবারিরা দূর্গম এলাকায় অবস্থান করলেও পুলিশকে ফাঁকি দেয়ার সুযোগ নেই। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তাদের কোন ছাড় নাই।