দেশে চলমান তীব্র গ্যাস-সংকটকে পূর্ববর্তী সরকারের ভুলের ফল উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এই সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে অন্তত আরও দুই বছর সময় লাগবে। তবে সাময়িক ভোগান্তি কমাতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্যাস সমস্যা নিয়ে বিরোধীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ঘাটতির কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এবং প্রধানমন্ত্রীও এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে দীর্ঘদিনের এই পুঞ্জীভূত সমস্যার জন্য বর্তমান সরকারকে দায়ী করা সঠিক নয়।
তিনি জানান, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা, এলএনজি ক্রয় এবং নতুন করে স্থলভাগে গ্যাস অনুসন্ধানের চেষ্টা চলছে। দেশে প্রায় ৪০-৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে, যেখানে বার্ষিক চাহিদা ১.৩ থেকে ১.৪ ট্রিলিয়ন ঘনফুট।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও মো. আবু ওয়াহাব আকন্দ। এতে চার জেলার জেলা প্রশাসক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।