হামিদুর রহমান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর তানোরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তানোর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলা ও দুই পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে তানোর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী সঞ্চালনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।
সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের ভূমিকা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিকেলে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি তানোর পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এতে পুরো পৌর সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ফিরোজ কবির, তৌহিদুর রহমান রেজা, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি খলিলুর রহমান খলিল, তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল, কলমা ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সুলতান আহমেদ মাস্টার, রবিউল ইসলাম মাস্টার, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, সরনজাই ইউপি বিএনপির আহসান হাবিব সরকার নান্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক রায়হান, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সাঈদ বাবু, যুবদল নেতা রাশিদুল, ছাত্রনেতা আল মামুন, রঞ্জু আহম্মেদ, আনারুল ইসলাম মাস্টার, রাজা, ওবাইদুরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার জন্য বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করেছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে তানোরে নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি সাংগঠনিক শক্তি ও ঐক্যের বহিঃপ্রকাশ বলে তারা উল্লেখ করেন।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।