নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম)।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। আর বিএনপি নেতারা যোগ দিতে চাইলে তাদেরকেও স্বাগত জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এসব কথা জানান তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে তফসিলকে স্বাগত জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ দলের অংশ নেয়ার প্রস্তুতির কথা তুলে ধরেন বিএনপির সাবেক নেতা শমসের মবিন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব নেয়ার লক্ষ্যে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি।
তবে নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ করা এবং ভোটে আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো হস্তক্ষেপ না করে সে দাবিও জানান সাবেক এই পররাষ্ট্রসচিব।
বিএনপির উদ্দেশ্যে শমসের মবিন বলেন, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আর বিএনপি থেকে কেউ আসতে চাইলে তাদের জন্য তৃণমূল বিএনপি দ্বার উন্মুক্ত। যোগ্য হলে মনোনয়ন দেয়া হবে।
তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা। তবে দলটিতে সম্প্রতি যোগ দেন শমসের মবিন চৌধুরী। আর তৃণমূল বিএনপির মহাসচিব করা হয় বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকারকে।
তিনি বলেন, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। তৃণমূল বিএনপি আশা এবং প্রত্যাশা দ্বাদশ সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সেই সঙ্গে এই নির্বাচনের জন্য সকল প্রার্থী, ভোটারদের ও ভোটকেন্দ্রের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে।
গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আগামী বছরের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর নিজেদের প্রতিক্রিয়া জানাতে আজ সংবাদ সম্মেলন ডাকে তৃণমূল বিএনপি।