কুলাউড়া উপজেলার মনু নদী থেকে উদ্ধার হওয়া এক ভারতীয় নাগরিকের মরদেহ পরিচয় শনাক্তের পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ।
নিহত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকার বাসিন্দা নিত্যানন্দ মালাকার (৩৫) বলে নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৬টার দিকে উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহটি ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বিষয়টি (১১মে) বিকেলে ‘রবির বাজার নিউজ’-সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধারের সংবাদ প্রকাশের পর কুলাউড়া থানা পুলিশের নজরে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কুলাউড়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে রবির বাজার নিউজকে জানান, মনু নদীর টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকা থেকে মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।