কুড়িগ্রাম: আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি দেশের সার্বিক সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাচ্ছে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।”
পথসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সাবেক কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
যেভাবে প্রতিষ্ঠিত হয় বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দলটি প্রতিষ্ঠা করেন। দলটির প্রতিষ্ঠাকালীন ঘোষণায় জাতীয় ঐক্য, অর্থনৈতিক স্বনির্ভরতা, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও জাতীয় সার্বভৌমত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিএনপির নিজস্ব ইতিহাস অনুযায়ী, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক অনাড়ম্বর সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠার ঘোষণাপত্র পাঠ করেন। দলটি ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠার পরের বছর, ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে।
১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের নেতৃত্বে পরিবর্তন আসে। পরবর্তী সময়ে খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং দলটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি বিভিন্ন সময়ে সরকার ও বিরোধী দলের ভূমিকায় থেকেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি প্রতিবছর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।