রংপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মুখোমুখি অবস্থানে রয়েছে। একে-অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে নৌকা প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ও লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
গতকাল (১২ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর জাহাজ কোম্পানী মোড়ে গণসংযোগকালে নৌকা প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, আওয়ামী লীগ বিশাল দল। আমাদের নেতাকর্মী অনেক, তবুও আমরা কোনো গণসমাবেশ করিনি, স্লোগান দেইনি। আমরা গণসংযোগ করছি, পথসভা করছি। তারা লাঙ্গলের বিরাট প্রতীক নিয়ে রেখেছে। নির্বাচনী ফায়দা লুটে নেয়ার জন্য মিথ্যা তথ্যসহ প্রতারণামূলক বক্তব্য দিচ্ছেন। আমাদের যে ৬টি থানা কমিটি আছে সেই ৬টি থানায় আমরা অফিস করেছি।

এর বাইরে কোনো অফিস আমরা করিনি। এর বাইরে অফিস এটা নির্বাচনী নির্দেশনার বাইরে। কিন্তু জাতীয় পার্টি বিভিন্নস্থানে আলোকসজ্জা করে সভা সমাবেশ করছে। অপরদিকে, লাঙ্গল প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ভোটারদের প্রভাবিত করতে আওয়ামী লীগ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা আশ্বাস দিচ্ছে।
তিনি বলেন, ব্যাপক উন্নয়ন আমার মেয়াদকালে হয়েছে এবং এর সহযোগিতা করেছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। কুকরুল গলাকাটা মোড়ে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি আরও বলেন, আমি ইতিপূর্বে উপজেলা চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশন নির্বাচন করে মেয়র হয়েছি। নির্বাচনী আচরণবিধি কাকে বলে তা আমি বুঝি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণা করছি। গণসংযোগ করা নাগরিক অধিকার, আমি তাই করছি। এখন আমার সমর্থকগণ যদি আমার সঙ্গে সঙ্গে আসে তার দায়-দায়িত্ব তো আমার না, আমি তো তাদের বাধা দিতে পারবো না। এ নগরীর ভোটাররাই আমার শক্তি। আমার বিগতদিনের কর্মকাণ্ডে যদি সন্তুষ্ট থাকে তবে নির্বাচনের মাধ্যমে আমাকে জয়ী করে এর প্রমাণ করবে।