সৈকত মনি, এটিভি সংবাদ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার যশোরের ফসিয়ার রহমান মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব। তিনি দীর্ঘ সাত বছর ধরে পলাতক জীবনযাপন করছিলেন।
গতকাল বুধবার (২৬ জুলাই) রাতে নাটোরের লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফসিয়ার রহমান মোল্লা (৭০) যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা গ্রামের মৃত. মুনসুর আলীর ছেলে।
এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আলাদতে রিপোর্ট দাখিল করেছেন। মামলার বিচারকার্য শেষে গত ২৫ জুন আসামি ফসিয়ার রহমান মোল্লাসহ অন্যান্য আসামিদের দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের সাজা দেন। এ মামলায় আসামি আমজাদ মোল্লা ছাড়া অন্যান্য আসামিরা পলাতক ছিলেন। যে কারণে পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পলাতক আসামি ফসিয়ার রহমান মোল্লা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী, ঝিনাইদহ ও নাটোর জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আত্মগোপনে ছিলেন।