পাবনা প্রতিনিধি, এটিভি সংবাদ
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের আমিরের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসসহ সংরক্ষিত মহিলা আসনের ১১ সংসদ সদস্য। বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
বুধবার (২৬ জুলাই) দুপুরে ঈশ্বরদী পৌরসভার ইসলামপুরে পৌর জামায়াতের আমির ও আরআরপি গ্রুপের স্বত্বাধিকারী গোলাম আজমের নিজ বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে জামায়াত নেতা গোলাম আজমের বাসভবনে যান তারা। সেখানে মধ্যাহ্নভোজ শেষ করে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তারা পাবনা সার্কিট হাউসে মহিলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়ার জন্য রওনা দেন।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ডেপুটি স্পিকার আমন্ত্রিত ছিলেন বলে আমিও গিয়েছিলাম। তবে এটি রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়।