নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফলাফল তুলে দেবেন। পরে সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।
এরপর বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী।
বোর্ড কর্মকর্তারা জানান, অনলাইনে বা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় গত ২৮ মে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।
এটিভি/এস