আমতলী (বরগুনা) প্রতিনিধি, এটিভি সংবাদ
আসাদুজ্জামান আসাদ নুর নামে এক ব্লগারকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালিয়েছেন আমতলী থানা পুলিশ। কিন্তু আসাদ নুর পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
জানা গেছে, আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের তোফাজ্জেল হোসেনের পুত্র আসাদুজ্জামান আসাদ নুর। তবে ২০১৭ সালে বাড়ি ছেড়ে গিয়ে তারপর থেকে পরিবারের সঙ্গে তিনি কোনো যোগযোগ রাখেন না বলে বলে দাবি তার পরিবারের।
অভিযোগ রয়েছে, ‘আসাদ নুর ব্লগ’ থেকে তিনি ধর্মীয় ও সর্ম্পকাতর বক্তব্যের ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে আপলোড দিচ্ছেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে ২০২০ ও ২০২১ সালে সাইবার ট্রাইবুনালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় এবং ঢাকায় পৃথক দুটি মামলা হয়। ওই মামলা দুটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গত তিন বছরেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসাদুজ্জামান আসাদ নুরের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও ঢাকায় সাইবার ট্রাইবুনালে দুটি মামলা আছে। দুটি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এটিভি/এস