সকাল ১১টায় মৃত ঘোষণা করা হয় তিন দিনের নবজাতকটিকে। দুুপুরে মরদেহ গ্রহণ করে অটোরিকশায় করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন বাবা। পথে শিশুটি নড়েচড়ে ওঠায় আবার এনে ভর্তি করা হয় একই হাসপাতালে। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত শিশুটি বেঁচে আছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। সে যেন ‘না মরিয়া প্রমাণ করিল’ চিকিৎসকের সিদ্ধান্ত ভুল ছিল। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। কিভাবে চিকিৎসক ওই শিশুর মৃত্যু সনদ দিয়েছেন তা তদন্ত করার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশুটির বাবা সাইফুল ইসলাম জানান, ডাক্তাররা মৃত ঘোষণার পর মরদেহ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে চুরখাই এলাকায় যেতেই তাঁর মেয়ে নড়াচড়া করে ওঠে। তখন অটোরিকশা ঘুরিয়ে আবার ময়মনসিংহ মেডিক্যালে ফিরে আসেন। চিকিৎসকরা তখন গুরুত্বের সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু করেন। পরে শিশুটিকে আবার ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়।