নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
সাভারের আশুলিয়ার বাবা-মা-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সাগর ও তাঁর স্ত্রী ঈশিতার রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকালে আশুলিয়া থানা থেকে তাঁদের ঢাকার আদালতে পাঠানো হয়।
গত ২৯ সেপ্টেম্বর সকালে সাগর ও তার স্ত্রী সাভারের আশুলিয়ার বহুতল ভবনের বাসাতে চেতনানাশক খাইয়ে মোক্তার, তার স্ত্রী ও ছেলেকে অচেতন করে বটি দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে।
গ্রেফতার সাগর ২০২০ সালে একই কায়দায় ২০০ টাকার জন্য টাঙ্গাইলের মধুপুরে চারজনকে হত্যা করে। ওই মামলায় সাড়ে ৩ বছর জেলে থাকার পর গত জুনে জামিনে বের হয়।
বুধবার দুপুরে আশুলিয়া থানা থেকে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম।
এর আগে, গত সোমবার রাতে গাজীপুরের সফিপুর এলাকা থেকে সাগর ও ঈশিতা দম্পতিকে গ্রেফতার করে র্যাবের একটি দল। পরে মঙ্গলবার আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার সাগর আলীর গ্রামের বাড়ি টাঙ্গাইলে আর ঈশিতা বেগমের গ্রামের বাড়ি জামালপুরে।