অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাথে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসির চার কমিশনার উপস্থিত রয়েছেন।
বুধবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে প্রধান বিচারপতির খাস কামরায় এ বৈঠক শুরু হয়।
একাধিক সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করার জন্য রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সাক্ষাৎ চায় নির্বাচন কমিশন (ইসি)। তাদের সাক্ষাৎ চেয়ে দুটি পৃথক চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।
ইসি জানায়, আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সাক্ষাতের কিছু দিনের মধ্যেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে।