টাঙ্গাইল, এটিভি সংবাদ
টাঙ্গাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পাশে লাগেজবাহী একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে, ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার বেতর তারাবাড়ি এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে উদ্ধারকাজ সম্পন্ন করে রিলিফ উদ্ধারকর্মীরা। আড়াইটার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এখ রেল যোগাযোগ স্বাভাবিক।
এর আগে, সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বিকল হয়ে পড়ে। যার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধারকাজ চালায় কর্তৃপক্ষ।