অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রসীতপন্থী ইউপিডিএফের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে একটি পানছড়িতে বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটায়। এ সময় দুর্বৃত্তরা আরও দুজনকে ধরে নিয়ে গেছে। ইউপিডিএফ ঘটনার দাবি করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার (১১ নভেম্বর) রাতে জেলার পানছড়ি উপজেলার পুজগাং এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
নিহতরা- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহসভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এ ছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এ ঘটনা ঘটিয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য জানানো হবে।