নাটোর, এটিভি সংবাদ
নাটোরে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মোহম্মদ রজব আলী নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার তেবারিয়া এলাকার নাটোর-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রজব আলী বাগাতিপাড়ার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই উপজেলার ফাগুয়ারদিয়ার গ্রামের বাসিন্দা।
জানা যায়, স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি ঘটনাস্থলেই রয়েছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অফিসিয়াল কাজের জন্য নাটোরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের তেবারিয়া এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন তিনি। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই চালক রজব আলীর মৃত্যু হয়।