নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
দেশব্যাপী গ্যাস সঙ্কটের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি এই সঙ্কট সমাধানের জন্য আগামী মার্চ পর্যন্ত সময় চেয়েছেন। মঙ্গলবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এই সময়ের (মার্চ) মধ্যে গ্যাস সংকট সমাধান হয়ে যাবে বলেও আশ্বাস দেন নসরুল হামিদ। আশার খবর তুলে ধরে তিনি বলেন, ‘বিবিয়ানাতে আরও ১ দশমিক ৬ টিসিএফ (ট্রিলিয়ন কিউবিক ফিট) গ্যাসের নতুন মজুদ পাওয়া গেছে। সেটি আগামী কিছু দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে।’
চলমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি সংস্কারের জন্য বিদেশে পাঠানো হয়েছে। এ কারণে শীতে চলমান গ্যাস সংকট আরও বেড়েছে। এলএনজি টার্মিনালটি সংস্কার শেষে দেশে না আসা পর্যন্ত গ্যাসের সরবরাহ বাড়ানো পেট্রোবাংলার পক্ষে সম্ভব হচ্ছে না।
নিজস্ব গ্যাসের অনুসন্ধান দেশের সবচেয়ে বড় উদ্যোগ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করা হবে। এরপর আরও ১০০ কূপ খনন করা হবে। আমরা আরও দুটি এলএনজি টার্মিনাল নিয়ে আসছি।’