আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মালির সীমান্তের কাছে অবস্থিত বুরকিনা ফাসোর ওদালান প্রদেশের এসসাকানে গ্রামে রোববার উপাসনার সময় ওই ক্যাথলিক গির্জায় হামলার ঘটনা ঘটে। চার্চের একজন কর্মকর্তা হামলাকারী বন্দুকধারীদের সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে ইঙ্গিত করেছেন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় ডায়োসিসের প্রধান অ্যাবট জিন-পিয়েরে সোয়াদোগোর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর ১২ জন তাৎক্ষণিকভাবে মারা গেছেন। এ ছাড়া অপর তিনজন হাসপাতালে মারা যান। আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।