ফরিদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ //
ফরিদপুরের সদরপুরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দুই মণ (৮০ কেজি) জাটকা ইলিশ জব্দ এবং একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এরপর জব্দ করা এসব জাটকা এতিমখানায় বিলি করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ উপজেলার আকোটের চর, পিয়াজখালী, কালিখোলা বাজারে অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারে জাটকা বিক্রি করছিলেন। গোপনে এ খবর জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুই মণ মাছ জব্দ করা হয় এবং ছাদেক মৃধা নামে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। তবে অন্য মৎস্যজীবীরা মাছ ফেলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, সদরপুরের তিনটি বাজারে অভিযান চালিয়ে ৮০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। পরে জব্দ জাটকাগুলো স্থানীয় ছয়টি বোর্ডিং মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
ডিএম/এটিভি/১০০২/এম