এস এম হাবিবুর রহমান, লোহাগড়া প্রতিনিধি //
নড়াইল সদর উপজেলায় গরুর হাটে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগে এস এম শামসুজ্জামান খোকন (৪৮) নামে ইজারাদারকে সেনাবাহিনী আটক করেছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার মাইজপাড়া গরুর হাটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ব্যক্তি রূপগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সেনাবাহিনীর একটি টহল দল মাইজপাড়া গরুর হাটে নিয়মিত নজরদারির সময় দেখতে পায়, অভিযুক্ত ওই ব্যক্তি গরু প্রতি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত ইজারা আদায় করছেন, যেখানে সরকারি নির্ধারিত হার গরুর জন্য ৬ শত টাকা এবং ছাগলের জন্য ২ শত টাকা।
প্রথম দফায় সেনাবাহিনী তাকে মৌখিকভাবে সতর্ক করে অর্থ আদায় বন্ধ করতে নির্দেশ করেন। কিন্তু কিছু সময় পর তিনি পুনরায় অতিরিক্ত অর্থ আদায় শুরু করলে সেনাবাহিনী আবারও হাটে গিয়ে তাকে আটক করে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ পরিচালনা করে তাকে জরিমানা করেন।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস নিজে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি বলেন, সরকারি আদেশ অমান্য ও অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাবিব/এটিভি/জরিমানা/৩১০৫/৭:৩০