মানিকগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ //
মানিকগঞ্জের ঘিওরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম সিরাজুল ইসলাম শেখ (৪২)। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার পঞ্চরাস্তা ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম শেখ দৌলতপুরের চর গোবিন্দপুর গ্রামের মো. ঠান্ডু শেখের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দৌলতপুর থেকে ছেড়ে আসা স্বাধীনতা পরিবহনের একটি বাসের সঙ্গে বরংগাইল থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিরাজুল ইসলাম শেখ মারা যান। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এটিভি সংবাদকে মুঠোফোনে বলেন, যেহেতু সিরাজুল ইসলাম বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন, এ ব্যাপারে কোন প্রকার সন্দেহ নেই। সেক্ষেত্রে আত্মীয়-স্বজন ও পরিবারের জোর সুপারিশে লাশ ময়নাতদন্ত ছাড়া দেওয়া যায় কিনা প্রক্রিয়া করছি।
উল্লেখিত ঘটনায় কোন প্রকার লিখিত অভিযোগ আসেনি, তবে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি মো. রফিকুল ইসলাম।
এপি/এটিভি/দুর্ঘটনা/০৮০৬/এম