গাজী মো: নিয়ামুল সজিব, এটিভি সংবাদ//
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে আজ (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
৪ দফা দাবিতে এই কর্মসূচি শুরু হলে সাতরাস্তা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীদের ভোগান্তি ভয়াবহ আকারে বেড়ে যায়।
শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত কার্যক্রম বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা সুপারিশ বাস্তবায়ন ও ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
বিক্ষোভকারী নাফিজ আল রুশদ বলেন, এর আগে আমাদের ৬ দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল। সরকার তা মেনে নিলেও বাস্তবায়ন হয়নি। তবে এবার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। দাবি না মানা পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
এটিভি/শিক্ষার্থীদের আন্দোলন/সজিব/এস