আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ //
ইসরায়েলের হাতে বন্দি থাকা ১২ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়ে অধিকৃত পশ্চিম তীরে পাঠানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বন্দিদের মুক্তি না দিয়ে তাদের নির্বাসিত করার পরিকল্পনা করছে তেলআবিব।
রোববার রাতে এই তথ্য জানানো হয় বন্দিদের পরিবারের সদস্যদের। ফলে হঠাৎ করে পরিবারগুলোর মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
আল–জাজিরার সাংবাদিক নুর ওদে জর্ডান থেকে জানান, যেসব পরিবার আগেই জানতে পেরেছিল তাদের সন্তানদের নির্বাসিত করা হবে, তারা পশ্চিম তীর ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সেই সুযোগ দেয়নি।
এই পরিস্থিতিকে ‘অত্যন্ত আবেগঘন ও অস্থির’ বলে বর্ণনা করেছেন সাংবাদিক নুর ওদে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইসরায়েল কবে গাজায় আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে, সে বিষয়েও এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এর আগে, হামাস গাজায় প্রথম ধাপে সাতজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। তার বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
এটিভি/আন্তর্জাতিক/কেএইচ