ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকায় ফসলি জমির টপসয়েল অবৈধভাবে কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার রাত ৯টা থেকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু বক্কর ছিদ্দিক (৩৮) ও আব্দুর রহমান সুমন (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,
২০১০-এর সংশ্লিষ্ট ধারায় আবু বক্কর ছিদ্দিককে ১ মাসের এবং আব্দুর রহমান সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর ঘটনাস্থল থেকে নিয়ে আসা সম্ভব না হওয়ায় সেগুলো অকেজো করে দেওয়া হয়।
অভিযানে সঙ্গীয় ফোর্স হিসেবে বাংলাদেশ আনসারের একটি টিম এবং পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাগাজী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইউসুফ মিয়া।