বছর ঘুরে সংযম ও ক্ষমার বার্তা নিয়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ বৃহস্পতিবার প্রথম রোজা। আগামী (১৬ মার্চ) রাতে পবিত্র শবেকদর পালিত হবে। অত্যন্ত বরকতময় এই মাসের জন্য সারা বছর প্রতীক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা।
এদিকে গতকাল পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ধর্মসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রাটি জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উত্তর গেটে এসে শেষ হয়।
পবিত্র রমজান উপলক্ষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল এক বাণীতে তিনি বলেন, পবিত্র রমজান মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি, মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ কাজে লাগানো সম্ভব। দেশবাসীকে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষাসহ ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
একইভাবে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।