বান্দরবানের লামা উপজেলায় পরিবেশগত অনিয়ম ও অবৈধ কার্যক্রমের অভিযোগে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে লামা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঈন উদ্দিন। এ সময় উপজেলার KBC ও BBM নামের দুটি ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারায় অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্রের ঘাটতি, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং অনুমোদনবিহীনভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা মিললে KBC ইটভাটাকে ৩ লাখ টাকা এবং BBM ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তারা ইটভাটা মালিকদের সতর্ক করে দেন এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, “পরিবেশ রক্ষা ও জনস্বার্থ সুরক্ষায় প্রশাসন সবসময় সক্রিয়। অবৈধভাবে পরিচালিত কোনো কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, পাহাড়ি জনপদে পরিবেশের ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।